শিরোনাম

চুয়াডাঙ্গা, ৪ জুন, ২০২৬ (বাসস) : জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। তাপপ্রবাহের কারণে অহসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এই গরম ও তাপদাহের কবল থেকে বাঁচাতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা শহরের বড় বাজারের চৌরাস্তা মোড়ে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক লুৎফুন নাহার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় শহরের পথচারি, বিভিন্ন ফুটপাতের দোকান ব্যবসায়ী, ভ্যান ও রিকশা চালক এবং ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা ও স্যালাইন পানি বিতরণ করা হয়।
একইভাবে শহরের কোর্ট মোড় ও সদর হাসপাতাল এলাকায় এই কার্যক্রম পালন করে রেডক্রিসেন্ট সোসাইটি। তীব্র গরমের কারণে তাদের কর্মসূচি চলবে সপ্তাহ ধরে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রচ- গরমে বিশেষ করে পথচারী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও বয়স্কদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন গ্রহণ করা প্রয়োজন। যাতে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমে আসে। প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিকভাবে এগিয়ে আসার আহ্বান রইলো। রেডক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান হাবিবুর রহমান বলেন, তীব্র গরম ও রোদের তাপদাহের কারণে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গরম থেকে বাঁচাতে সকল শ্রেণি-পেশার মানুষের খাবার স্যালাইন ও পানি খাওয়ানো হচ্ছে। সেই সাথে রোদ গরম থেকে বাচঁতে ছাতা ও হাতপাখা দেয়া হচ্ছে। গরমের মধ্যে সুস্থ্য থাকার জন্য সচেতনামুলক মাইকিং কার্যক্রম ও চালানো হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, সরকারি কমিশনার আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হামিদুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিমুল হাবিব সেলিম, সিরাজুল ইসলাম মনিসহ স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য,গত কয়েকদিন এ জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মাঝারি তাপপ্রবাহ। সেই সাথে তীব্র গরম। প্রতিদিনই তাপমাত্রা থাকছে ৩৮ ডিগ্রির ঘরে। জ্যৈষ্ঠের খরতাপে চুয়াডাঙ্গায় পুড়ছে জনজীবন।