শিরোনাম

পিরোজপুর, ৪ জুন, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার খলিশাখালি এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা ও অটোরিক্সার ড্রাইভার এবং যাত্রীসহ চারজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং সদর উপজেলার হুলারহাট এলাকার বানেশ্বরপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে।
আহতরা হলেন, একই এলাকার মোজাম্মেল মল্লিকের স্ত্রী হাওয়া বেগম (৪৫), কদমতলা ইউনিয়নের আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে লামিয়া (১৯), ঝনঝনিয়া এলাকার সোহরাব সিকদারের ছেলে রাসেল (৩০)। এ ছাড়াও প্রাথমিক চিকিৎসা নেয়া রিয়ান এর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লামিয়া ও তার মা নানা বাড়ি তেজদাসকাঠি থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি হুলারহাট এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। সদর উপজেলার খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে পিরোজপুর গামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
পিরোজপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় স্থানীয়রা পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে এর মধ্যে মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া দু'জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পিরোজপুর সদর থানার সাব ইন্সপেক্টর তাপস মন্ডল বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালক এবং হেলপার দু’জনের মধ্যে কাউকেই আটক করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।