শিরোনাম

সাতক্ষীরা, ৩ জুন ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় চিংড়ি মাছের রেণু, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩১ হাজার একশ’ টাকা।
আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালি, কাকডাঙ্গা, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার জোড়াতাল গাছ নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার মক্তব মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এ ছাড়া, বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল পাঁচানী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ ৩১ হাজার একশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।