শিরোনাম

লালমনিরহাট, ৩ জুন, ২০২৬ (বাসস) : চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এক সরকারি কর্মচারীর পরিবারের হাতে ৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, পাটগ্রামে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সাবেক পরিবার কল্যাণ সহকারী রেবেকা সুলতানার পরিবারের কাছে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রেবেকা সুলতানার স্বামী ও অনুদানের আবেদনকারী মো. মঞ্জুরুল হকের হাতে চেক তুলে দেন। মঞ্জুরুল হক পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধান অনুযায়ী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনুদান প্রদান করা হয়ে থাকে।
এর আগে গত ২১ মে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে অনুদানটি হস্তান্তরের কথা ছিল। তবে আবেদনকারী ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরে বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রাশিদুল হক প্রধান বলেন, সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সরকারের একটি মানবিক উদ্যোগ। এ ধরনের অনুদান শোকসন্তপ্ত পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সরকারি কর্মচারীদের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।