বাসস
  ০৩ জুন ২০২৬, ২০:২২

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়া, ৩ জুন, ২০২৬, (বাসস): জেলার গাবতলী উপজেলায় নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে সুখদহ নদীতে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বটিয়াভাঙ্গা এলাকার সুখদহ নদীতে গোসল করতে নামে মেহেদী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। তখনই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

মেহেদীর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।