শিরোনাম

মেহেরপুর, ৩ জুন ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) -এর সহযোগিতায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ ও ভুবন চন্দ্র হালদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রমুখ।
গ্রাম আদালতের জেলা কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাসিমা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, গ্রাম আদালতে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির মাধ্যমে উচ্চ আদালতের ওপর চাপ কমানো সম্ভব। অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে ন্যায়বিচার পেতে পারে, সেলক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে।