শিরোনাম

দিনাজপুর, ৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা হলেন, রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বর এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. মান্নান ইসলাম (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩২)।
আজ বুধবার বিকেলে ৫টায় খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাসেদ সরকার এই তথ্য বাসসকে নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ১২টায় আত্রাই নদীর কালিরবাজার ঘাট এলাকায় আপন দুই ভাই গোসল করতে নেমে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে সাদ্দাম হোসেন স্ব-পরিবারে ঢাকা থেকে শ্বশুর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে যান। বুধবার সকালে সেখান থেকে লিচু ক্রয়ের উদ্দেশে তারা খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ারন গ্রামে একটি লিচু বাগানে যায়। সেখান থেকে ফেরার পথে খানসামা উপজেলার আত্রাই নদীর কালিরবাজার ঘাটে গোসল করার জন্য তারা দুই ভাইসহ ৪ জন পানিতে নামেন। এর একপর্যায়ে তারা গভীর পানিতে ডুবে যায়।
এ সময় মান্নান ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠতে সক্ষম হয়। কিন্তু হঠাৎ করেই মান্নান ইসলাম ও তার ভাই সাদ্দাম হোসেন গভীর পানিতে ডুবে যায়।
এ ঘটনার সংবাদ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ভাইকে পানি থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এর কিছুক্ষণ পর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরে বিকেল সাড়ে ৩টায় মান্নান ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৪টায় সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
খানসামা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সহকারী পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাসসকে জানান, সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অপরজনের মরদেহও উদ্ধার সক্ষম হয়।
খানসামা থানার ওসি মো. আব্দুল বাসেত সরকার বাসসকে জানান, মৃতদের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।