শিরোনাম

কিশোরগঞ্জ, ৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের শিক্ষার্থী আসিবুল্লাহ সজীব (২০), চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের যুবক মেহেদী হাসান রাসেল (২৩) এবং হোসেনপুর উপজেলার হাফিজ উদ্দিন (৭৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সজীবকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব ও মোটরসাইকেল চালক রিয়াদ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সজীবের শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে, আজ সকালে পাকুন্দিয়া উপজেলার চর তেরটেকিয়া গ্রামে মেহেদী হাসান রাসেল বাড়ি সংলগ্ন জমিতে কাজ শেষে বিশ্রাম নিতে স্থানীয় একটি মুদি দোকানে যান। এ সময় দোকানের টিনের বেড়ায় হেলান দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হোসেনপুর উপজেলায় সকালে নিজ বাড়ি সংলগ্ন সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা হাফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক অটোরিকশাসহ পালিয়ে যায়।
পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।