বাসস
  ০৩ জুন ২০২৬, ১৭:১৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

টাঙ্গাইল, ৩ জুন ২০২৬ (বাসস): জেলার মির্জাপুর উপজেলায় আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় মেহেদী হাসান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নাসির গ্রুপ-এর মার্কেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মেহেদী হাসান মোটর সাইকেল যোগে ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্লা নামক স্থানে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মেহেদী হাসানের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

বিষয়টি নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।