শিরোনাম

খুলনা, ৩ জুন, ২০২৬ (বাসস): জেলায় আজ বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশুশ্রমরোধে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা।
সভায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের দুই মাস পর পর মতবিনিময় সভার আয়োজন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রেলওয়েস্টশন, শহিদ হাদিস পার্কসহ বিভিন্ন স্থানে ভাসমান শিশুদের ফিরিয়ে আনা, শ্রমঘণ এলাকাগুলো পরিদর্শন, শিশুশ্রম নিরসণে সচেতনতামূলক প্রচার, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়া, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।