শিরোনাম

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস): তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে আগামী ৫-৭ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ যোগ দিতে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, তুরস্ক সফর শেষে আগামী ৯ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। তার অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য’র রুটিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তুরস্ক সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ও ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় অংশগ্রহণ করবেন ।
ফোরামটি নীতি নির্ধারকদের জন্য বর্জ্যমুক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি ও টেকসই পন্থা অন্বেষণে সহায়তা করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।