বাসস
  ০৩ জুন ২০২৬, ১৫:২৬

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু, আটক ১

নওগাঁ, ৩ জুন, ২০২৬ (বাসস): জেলার পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে খড়াইল ছাইদুলের বয়লারের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে থানা পুলিশ। নিহত রমজান আলী মন্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মন্ডলের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে চার্জার ভ্যান যোগে ঝলকাহারে (তেজাপাড়া) নিজ বাড়িতে ফিরছিলেন। খড়াইল মোড়ের পাশে ছাইদুলের বয়লারের সামনে এলে বিপরীত মুখী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পরে যান। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন কর ঘাতক ট্রাক্টরসহ এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।