বাসস
  ০৩ জুন ২০২৬, ১৩:০০

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আফ্রিকান ইউনিয়নের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। 

এই অর্জনকে তারা বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মাইলফলক হিসেবে অভিহিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আফ্রিকান ইউনিয়ন জানায়, ড. খলিলুর রহমানের এই নির্বাচনে জয়লাভ করাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ও মর্যাদা আরও বাড়াবে।

আফ্রিকান ইউনিয়ন বলেছে, ‘ড. রহমানের এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক, যা অন্যান্য দেশের মাঝে তাদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে ভূমিকা রাখবে।’

ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গোপন ব্যালটের মাধ্যমে কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশ পায় ৯৯টি ভোট ও সাইপ্রাস পায় ৯১টি ভোট।

এই জয়কে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি বহুপক্ষীয় কূটনীতিতে দেশের নেতৃত্ব ও অংশগ্রহণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থারই প্রতিফলন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।