শিরোনাম

পঞ্চগড়, ২ জুন, ২০২৬, (বাসস) : সদর উপজেলার তালমা নদীতে গোসল করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্কর সিদ্দিক পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার সবুজ হকের ছেলে। সে পৌরসভার রামেরডাঙ্গা এলাকার বাইতুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাছাত্র আবু বক্কর সিদ্দিক দুপুরে বন্ধুদের সঙ্গে সদর উপজেলার হাফেজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় তালমা নদীতে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে বন্ধুরা।
একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।