বাসস
  ০২ জুন ২০২৬, ২১:২৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

বাগেরহাট, ২ জুন, ২০২৬, (বাসস) : জেলার কচুয়া উপজেলায় একটি ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার চরকাঠী এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে একটি ছয় চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানচালক আবু হাসান (৩০), রোমান শেখ (৩২), মতিউর রহমান খান (৭০) এবং রাব্বি (২৫) আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মতিউর রহমান খান (৭০) ও রাব্বি (২৫) মারা যান।

নিহত মতিউর রহমান খানের বাবার নাম মৃত দৌলত খান। তিনি কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
 
নিহত রাব্বির বাবার নাম সরোয়ার। তিনি পিরোজপুর সদর উপজেলার জুসখোলা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে জানান, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে। বর্তমানে এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।