শিরোনাম

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : দেশের মাদ্রাসা পর্যায়ের ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশন থেকে বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (ই-সিফ) পদ্ধতিতে ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
আজ (মঙ্গলবার) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোন কারণে বাদ পড়েছে, তাদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হল।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের সাহায্যে বিলম্ব ফি পরিশোধ এবং ই-সিফ পূরণ করা যাবে।
নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন সচল হবে। এছাড়াও শিক্ষার্থীদের তথ্য ই-সিফ এ এন্ট্রির সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বর্ধিত সময়ে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। শিক্ষার্থীর পূর্বে এন্ট্রিকৃত তথ্য এডিট বা ডিলিট (পরিবর্তন বা মুছে ফেলা) করার সুযোগ থাকবে না।
এতে আরও জানানো হয়, শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৫১-৬১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।