শিরোনাম

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস): গবেষণার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার একটি এনডাউমেন্ট ফান্ড গঠন করা হয়েছে। প্রয়াত প্রাক্তন শিক্ষার্থী মীর ময়নুল হক এবং তাঁর এমএস গবেষণার তত্ত্বাবধায়ক ড. জন আলফ্রেড ট্যালেন্ট-এর স্মৃতি সংরক্ষণে ‘মীর ময়নুল হক এন্ড জন ট্যালেন্ট মেমোরিয়াল এনডাউমেন্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে।
আজ মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত মীর ময়নুল হকের ছোট ভাই ড. মীর মুবিনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম-এর কাছে ১ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন।
ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া, প্রয়াত মীর ময়নুল হকের সহোদর মীর মফিদুল হক, বিভাগের শিক্ষকবৃন্দ, ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনডাউমেন্ট ফান্ডের মোট অর্থের ৩০ শতাংশ ব্যয়ে ভূতত্ত্ব বিভাগে ‘ময়নুল-ট্যালেন্ট গ্র্যাজুয়েট রিসার্চ ল্যাবরেটরি’ প্রতিষ্ঠা করা হবে। বাকি ৭০ শতাংশ অর্থের লভ্যাংশ থেকে গ্র্যাজুয়েট গবেষকদের পিএইচডি ও এমফিল গবেষণা, এমএস ফেলোশিপ, স্কলারশিপ এবং ফিল্ডওয়ার্ক-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুস সালাম এনডাউমেন্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ অনুদান ভূতত্ত্ব বিভাগের গবেষণা কার্যক্রমের আধুনিকায়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি ড. মীর মুবিনুল হকের এই উদ্যোগকে অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।