বাসস
  ০১ জুন ২০২৬, ১৭:৫৫

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : পরিবেশ মন্ত্রী 

ফেনীর সোনাগাজী নবাবপুর বি সি লাহা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি : বাসস

ফেনী, ১ জুন, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদক ও কিশোর গ্যাং এখন সারাদেশের সমস্যা। এগুলো নিয়ন্ত্রণে নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। 

তিনি রোববার বিকালে জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর বি সি লাহা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এঞ্জেলস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

তিনি বলেন, বিগত সরকার সবদিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে যুব সমাজ ও শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে সরকার নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। এর মাধ্যমে শিশু কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ হবে। 

এঞ্জেলস ক্লাবের সাবেক সভাপতি ও নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আজিমউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।  বিশেষ অতিথি ছিলেন বিএনপি উপজেলা আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, গ্রিনল্যান্ড গ্রুপের পরিচালক আনসার উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন ও উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ।