শিরোনাম

নীলফামারী, ৩১ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন, নলকূপ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ -এর আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহেল পারভেজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা হক প্রধান, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে, প্রধান অতিথি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও উন্নয়ন কাজের জন্য ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থে মেডিক্যাল, প্রকৌশলসহ বিভিন্ন বিশ^বিদ্যালয় পড়ুয়া দরিদ্র মেধাবী ২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের জন্য ৯০টি হুইল চেয়ার, ১৬টি নলকূপ, ৭১টি সিলিং ফ্যান, ১০টি সেলাই মেশিন ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।