বাসস
  ৩১ মে ২০২৬, ১৮:০৭

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাসচালক ও হেলপারের মৃত্যু

সিলেট, ৩১ মে, ২০২৬ (বাসস) : সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ঢাকাগামী অপর একটি বাস ধাক্কা দিলে, ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। 

আজ সকালে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার হেলপার ইমন (২০)। 

সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একইদিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের চালক সোহেল ও হেলপার ইমন।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মৃতদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান আছে।