বাসস
  ৩১ মে ২০২৬, ১৪:১৭

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক-২

সাতক্ষীরা, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় আনছার আলী মোড়ল (৯২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কাশিমাড়ী সড়কের শংকরকাটি জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনছার আলী শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি এলাকার মৃত একিম আলী মোড়লের পুত্র।

আটককৃতরা হলেন, কাশিমাড়ী ইউনিয়নের শহীদুল্লাহর পুত্র সোহেল রানা বাবু (১৭) এবং একই এলাকার আব্দুল হামিদের পুত্র সেলিম হোসেন (১৭)।

নিহত বৃদ্ধের পুত্র নূর হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার আলী মোড়ল স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে একটি চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় শ্যামনগর সদর থেকে কাশিমাড়ীগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি চিকিৎসা প্রদান করেন। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন ওই বৃদ্ধের অবস্থার অবনতি হলে প্রায় দুই ঘণ্টা পর উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন  তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে। তাদের বিরুদ্ধে বেপরোয়া যানবাহন চালানোর অভিযোগে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।