শিরোনাম

গাইবান্ধা, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের থুটিয়াপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আজ সকালে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত এবং আরও ১২ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে স্থানীয় দমকল ও বেসামরিক প্রতিরক্ষা স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদেহ উদ্ধার করে। আহতদের গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুই আহত যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহত রিক্তা খাতুন (২৭) জেলার সদর উপজেলার সাহারবাজার এলাকার বাসিন্দা আজিজাল হকের স্ত্রী। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।