বাসস
  ৩১ মে ২০২৬, ১১:২৮

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত 

চট্টগ্রাম উত্তর, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

গতকাল শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা-বাগান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের বাসিন্দা জয় (১৯) এবং রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা সীমান্ত (২২)।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জয় ও সীমান্ত আরেক বন্ধু মো. জাহেদসহ মোটরসাইকেলে করে হাজারিখিল অভয়ারণ্যে বেড়াতে এসেছিলেন। হাজারিখিল থেকে ফেরার পথে একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয় ও সীমান্তকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিধানচন্দ্র দে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মো. জাহেদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।