শিরোনাম

খুলনা, ৩০ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির গৃহীত ১০ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে আজ শনিবার নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের যেকোনো সংকটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের পর দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সংবাদপত্রকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তিনি কখনো সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে একজন গৃহবধূ থেকে জাতীয় নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন খালেদা জিয়া। পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোমরেজ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেগম রেহানা ঈসা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সাদী, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, কে এম আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী ও কাজী মিজানুর রহমান।