শিরোনাম

সাতক্ষীরা, ৩০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, চিংড়ি মাছের রেণু, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও বোতল নেশা জাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ১৬ হাজার দুইশ’ টাকা।
আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক সাতক্ষীরা সদর উপজেলার জোড়াতাল গাছ নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালি আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ৬০৩ বোতল নেশা জাতীয় ভারতীয় ইস্কাফ সিরাপসহ রেহেনা খাতুন (৩৫) নামের এক নারী চোরাকারবারীকে আটক করে। আটককৃত রেহেনা খাতুন জেলার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
অন্যদিকে, জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ১৬ হাজার দুইশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।