শিরোনাম

চট্টগ্রাম, ৩০ মে, ২০২৬ (বাসস) : সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ’ তাঁর প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নামে।
এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সমাধিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শ্রদ্ধা জানান।
সকালে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, হুম্মাম কাদের চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী জিয়ানগরে সমবেত হয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করা হয়।
এ সময় শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল সামলাতে রাঙ্গুনিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কি না, সে সিদ্ধান্ত দেশের বিচার বিভাগ নেবে, কোনো রাজনৈতিক দল নয়।
তিনি আরও বলেন, তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের ধারা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সকালে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামস্থ জিয়া স্মৃতি জাদুঘরে সকাল ১১টায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এতে সভাপত্বি করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
মহানগর বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদস্য সচিব নাজিমুর রহমান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ মো. ইদ্রিছ মিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর তারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
একইভাবে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি’র পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। উত্তরজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুছ চৌধুরী বলেন, শনিবার জিয়াউর রহমানের প্রথম সমাধিতে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন।
সংগঠনগুলো শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এ ছাড়া, বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী স্মরণে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘স্বাধীনতার ঘোষক জিয়া’, আলোচনা অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী স্বাধীনতার ঘোষক’, সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে কবিতাপাঠ ও সংগীতানুষ্ঠান ‘কমল থেকে শহিদ জিয়া’, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমরা কমল কুঁড়ি’, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উক্তি সংবলিত বিশেষ গ্রাফিক্স ভিডিও সম্প্রচার চলমান আছে।