শিরোনাম

ফরিদপুর, ৩০ মে, ২০২৬ (বাসস) : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।
তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং চরযশোরদী ইউনিয়ন, তালমা ইউনিয়ন পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমে চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২৫০ থেকে ৩০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
পরে, তালমা ইউনিয়নের তালমা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এরপর নগরকান্দা পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
আলোচনা সভা উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি মো. তৈয়াবুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, বাবুল তালুকদার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।