বাসস
  ৩০ মে ২০২৬, ২১:৩৭

সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা কেন্দ্র চালু করা হবে : আরিফুল হক চৌধুরী

ছবি : সংগৃহীত

সিলেট, ৩০ মে, ২০২৬ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুতই একটি পর্যটন সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে।

আজ শনিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ীকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভার কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি তার প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, এলাকার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতে খেলাধুলা এবং বিনোদনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, দক্ষতা অর্জন ছাড়া বিদেশে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এ সমস্যা কমাতে শুধু বিদেশগামীদের জন্য একটি পৃথক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

এলাকায় শৃঙ্খলা বজায়ে রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জৈন্তাপুরের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন।