বাসস
  ৩০ মে ২০২৬, ১৯:০৪

বরগুনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

ছবি : বাসস

বরগুনা, ৩০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ৭ টায় বিএনপি’র বরগুনা জেলা শাখার উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  

শনিবার সকাল ১০ টায় কালো ব্যাজ ধারন, বাদ জোহর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।

এসব কর্মসূচিতে বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।