শিরোনাম

সাতক্ষীরা, ৩০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ দোয়া-মাহফিল, আলোচনাসভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আজ শনিবার দুপুর ১টায় শহরের খুলনা রোড মোড় সংলগ্ন শহীদ আসিফ চত্বরে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনাসভা শেষে সেখানে সহস্রাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহ্বায়ক, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মদ পাড়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকাল ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া ওলামা দলের উদ্যোগে শহরের কামালনগর এলাকায় মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট সংলগ্ন মসজিদে কুরআন খতম এবং কৃষক দলের আয়োজনে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়।