শিরোনাম

ঢাকা, ৩০ মে, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জ জেলার দিরাইয়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর চন্দ্র দাস পরলোকগমন করেছেন।
গতকাল (শুক্রবার) রাত ১১ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ডা. শংকর দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
আজ (শনিবার) সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাস্থ নিজ বাসভবনে তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
ডা. শংকর চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শোক বিবৃতিতে তিনি পরলোকগত চিকিৎসকের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।