শিরোনাম

ঢাকা, ৩০ মে, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করে। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) নান্দাইল উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতেও অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশগঠনের দর্শন ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।