শিরোনাম

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে কাল রাজধানীসহ সারাদেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দল।
তিনি বলেন, ‘আগামীকাল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে দলের পক্ষ থেকে ঘোষিত আট দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।’
রিজভী বলেন, দিবসটির শুরুতে সকাল ৬টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
তিনি আরও বলেন, দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করবে।
এছাড়া সারাদেশে বিএনপির বিভিন্ন ইউনিট দলটির প্রতিষ্ঠাতাকে স্মরণ করে নানা কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মাজার জিয়ারতের পর রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন তারেক রহমান।
তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।’
রিজভী আরও বলেন, বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রিজভী বলেন, আট দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। জাতীয় পত্রিকাগুলোতেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সব খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করবেন।
শায়রুল বলেন, রাজধানীর ১৬টি স্থানে পর্যায়ক্রমে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন তারেক রহমান। এসব কর্মসূচিতে মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এছাড়া, সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পরে বেলা ১১টায় হাইকোর্ট মাজার-সংলগ্ন এলাকায় আইনজীবীদের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
অন্যদিকে, বেলা ১১টা ২০ মিনিটে কারওয়ান বাজারে এফডিসির সামনে সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।