বাসস
  ২৯ মে ২০২৬, ১৮:৫০

বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণ মন্ত্রী

ফাইল ছবি

দিনাজপুর, ২৯ মে, ২০২৬ (বাসস) : সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের পাশে থাকার দলের নাম বিএনপি। ধর্ম, বর্ণ সব শ্রেণি পেশার অসহায় মানুষের সমস্যার সময় তাদের পাশে দাঁড়াতে হবে। যে কোনো বিষয়ে সমস্যা সমাধানে সহযোগিতা করলে, মানুষ কখনো তা ভুলতে পারবে না।

উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলে মিলে এক সঙ্গে থাকা ও চলার মাধ্যমে সামাজিক ঐক্য সৃষ্টি করা সম্ভব। সবাই ঐক্যবদ্ধ থাকলেই সামাজিক শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ বজায় থাকবে।

এ সময়ে সমাজকল্যাণ মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোওয়া প্রার্থনা করেন।

এছাড়াও আগামীকাল (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫'তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দেশ প্রেমিক প্রত্যেক নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান।

শাহাদত বার্ষিকীতে সারা দেশের ন্যায় অত্র এলাকার সব মসজিদ, মন্দির ও গীর্জায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানান মন্ত্রী।

আয়োজিত অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেছ উদ্দিন, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।