শিরোনাম

পঞ্চগড়, ২৯ মে, ২০২৬, (বাসস) : জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ উপলক্ষে আজ শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর মেনাগ্রাম এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা এবং পঞ্চগড় দুই (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, বাংলাদেশে দল মত, ধর্মবর্ণ নির্বিশেষে সৌহার্দপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিয়ে সকলে বসবাস করবে এই নীতিতেই বিএনপি সরকার বিশ্বাস করে।
কোনো ধরনের বৈষম্যকে এই দেশে ঠাঁই দেয়া হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একাত্তরকে বাদ রেখে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের।
বিশেষ করে জান্নাতি দল মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের রুখে দিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, কৃষক, কামার, কুমার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।