শিরোনাম

ঢাকা, ২৮ মে, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদের নামাজ আদায় করেছেন এবং তার মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তিনি নান্দাইলের ঐতিহাসিক মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেন। নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ শেষে প্রতিমন্ত্রী সাহেব বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর মরহুম পিতা-মাতা এবং পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করেন। পরে নিজ গ্রামের স্থানীয় অধিবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
তথ্য প্রতিমন্ত্রী গত দুই দিন নিজ নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে স্থানীয়দের খোঁজখবর নেন। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন।
তিনি গরুর হাট পরিদর্শন করেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। পরে গ্রামের বাজারের চায়ের দোকানে বসে স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন। মন্ত্রীকে কাছ থেকে পেয়ে এলাকাবাসী আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এর আগে গত ২৬ মে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি সরকারের বিভিন্ন জনবান্ধব উদ্যোগ সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।
সফরকালে তথ্য প্রতিমন্ত্রী স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি নান্দাইলের বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ৩১ মে ২০২৬ (রোববার) বিকেলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহ হয়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।