বাসস
  ২৭ মে ২০২৬, ২৩:০৮

ঈদের জামাতের জন্য প্রস্তুত সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ 

সিলেট, ২৭ মে ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে সামনে রেখে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ সংগ্রামীদের স্মৃতিবিজড়িত এই শাহী ঈদগাহে তিন শতাধিক বছর ধরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

মোগল আমলে ফৌজদার ফরহাদ কর্তৃক নির্মিত এই ঐতিহ্যবাহী ঈদগাহের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য দেশ-বিদেশে সমাদৃত। প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ইতোমধ্যে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৃথকভাবে ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সার্বিক শৃঙ্খলা ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ। পাশাপাশি পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টায় শাহী ঈদগাহে সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ আনসারী।

এছাড়া একই সময়ে নগরের দরগাহ হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণ এবং দরগাহ হজরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে নারী ও শিশুদের নামাজ আদায়ের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জামেয়া মদিনাতুল উলুম খাসদবী মাদ্রাসায় সকাল ৮টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।