শিরোনাম

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে বিএনপি সরকার সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সুযোগ-সুবিধা বাস্তবায়ন করছে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্য বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আজ উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির এবং খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।