শিরোনাম

ঢাকা, ২৭ মে, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।
পবিত্র ঈদুল আযহার দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নেবেন বলে নির্ধারিত রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি প্রধান জামাতে অংশগ্রহণের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে শরিক হবেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নারী মুসল্লিদের নামাজ আদায়ের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বঙ্গভবন সূত্র জানায়, জাতীয় ঈদগাহে পৌঁছালে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ডিএসসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অভ্যর্থনা জানাবেন।