বাসস
  ২৪ মে ২০২৬, ২৩:১২

কবি নজরুল ছিলেন সাহিত্য গগনের এক উজ্জ্বল নক্ষত্র: আইনমন্ত্রী

আজ রোববার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : বাসস

ময়মনসিংহ, ২৪ মে, ২০২৬ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাহিত্য গগনের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্যকর্ম শুধু এই উপমহাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও গবেষণার বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, নজরুল ছিলেন সাম্য, দ্রোহ, প্রেম ও মানবতার কবি। তিনি ধনী-গরিব, খেটে খাওয়া ও নিপীড়িত মানুষের কথা সাহিত্যে তুলে ধরেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বাংলাদেশের মানুষ নজরুলকে ভালোবেসেছে। এ দেশের মানুষ নজরুলকে ভুলতে পারবে না। 

তিনি বলেন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই নজরুল রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। ধর্মের অপব্যবহার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুল আজও প্রাসঙ্গিক।

আইনমন্ত্রী বলেন, নজরুল ১৯১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে স্কুলে ভর্তি হন এবং ফারসি ভাষায় ৯৮ নম্বর পেয়েছিলেন। নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

তিন দিনব্যাপী জন্মজয়ন্তী আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ ত্রিশাল ও ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।