বাসস
  ২৪ মে ২০২৬, ১৪:৩১

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রকে গৌরবময় অবস্থানে ফেরাতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শনিবার বিকেলে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

রাজশাহী, ২৪ মে, ২০২৬ (বাসস) : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার রাজশাহীর ক্রীড়াক্ষেত্রকে আগের গৌরবময় অবস্থানে ফিরিয়ে আনতে কাজ করছে।

শনিবার বিকেলে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহীর খেলাধুলাকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে আগের সরকারের সময়ে খুলে নেওয়া রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট দ্রুত পুনঃস্থাপন করা হবে। ক্রীড়াক্ষেত্রের সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি ক্রীড়াবিদদের কল্যাণেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি জানান, রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠার মাধ্যমে এখানকার প্রতিভাবান খুদে খেলোয়াড়দের ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এর ফলে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।

খুব শিগগিরই রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট এবং বিপিএল কিংবা বিদেশি টেস্ট দলের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্রীড়া আসর আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের নিজেদের দক্ষ ও সুগঠিত করে গড়ে তুলতে হবে। মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, খেলাধুলা মানুষকে সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী করে তোলে। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বড় হওয়ার স্বপ্ন দেখতে শেখায়।

মন্ত্রী আরও বলেন, জীবনে সফল হতে হলে আগে লক্ষ্য ঠিক করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কঠোর অনুশীলন চালিয়ে যেতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আল মামুন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এছাড়া সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার ‘দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। রানারআপ হয়েছে ‘কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

বালক বিভাগে নওগাঁ দলের আল সাফিউ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান পাবনা দলের বায়োজিদ।

বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার ‘জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়’। রানারআপ হয়েছে ‘সিরাজগঞ্জ কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

বালিকা বিভাগে সিরাজগঞ্জ দলের রিমি খাতুন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান পাবনা দলের ফাতেমা খাতুন।