শিরোনাম

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) নিয়োগ দিয়েছে সরকার।
আজ শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৪৯২ ধারার বিধান মতে. ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলা নং-৩৫ (তারিখ : ২০/০৫/২০২৬ ইং) রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হলো।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ২০১ পেনাল কোড ধারায় রুজু রয়েছে।
শিশু রামিসা হত্যাকাণ্ডের গুরুত্ব এবং অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো।