শিরোনাম

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন দুই উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মামুনুর রশীদকে উপ-উপাচার্য (একাডেমিক) এবং কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর মো. আব্দুল আলিমকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
দুই প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ধারা ১৩ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর তাদের এই নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-উপাচার্য হিসেবে তাদের এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা তাদের অবসর গ্রহণের তারিখ— এর মধ্যে যা আগে ঘটবে সে সময় পর্যন্ত কার্যকর থাকবে।
তারা উভয়ই উপর্যুক্ত পদে বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
শর্তানুযায়ী, দুই উপ-উপাচার্য সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে এক পৃথক আদেশে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান (একাডেমিক) এবং প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিনকে (প্রশাসন) তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে মূল বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়।