বাসস
  ১৯ মে ২০২৬, ২০:২৫

পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর সেতুর কাজ দ্রুত শুরু হবে : সেতুমন্ত্রী

পটুয়াখালীর বগা ফেরিঘাট পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। ছবি: বাসস

পটুয়াখালী, ১৯ মে, ২০২৬ (বাসস) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জেলার লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। অল্প সময়ের মধ্যে দ্রুততম উপায়ে কীভাবে সেতুর কাজ সম্পন্ন করা যায়, সে লক্ষ্য নিয়েই তিনি সরেজমিন পরিদর্শনে এসেছেন।

পটুয়াখালীর বগা ফেরিঘাট এলাকা পরিদর্শনকালে তিনি আজ এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে বৃহৎ কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আঞ্চলিক, জেলা ও বিভাগীয় মহাসড়ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে যেসব স্থানে সেতু নির্মাণ প্রয়োজন, সেসব প্রকল্পও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বগা সেতু দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প হলেও এতদিন এটি স্থবির অবস্থায় ছিল। প্রকল্প বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় স্থানীয় জনগণকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। স্থানীয় সংসদ সদস্যসহ সাধারণ মানুষের দাবি ও প্রত্যাশার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সেতুমন্ত্রী বলেন,‘বগা সেতুর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শিশু আবিরার একটি বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি দ্রুত ব্যবস্থা নিতে আমাকে নির্দেশ দেন। গত ২০ দিন ধরে আমি বিষয়টি নিয়ে কাজ করছি।’

তিনি জানান, সেতুর ডিজাইন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন কেবল ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট সম্পন্ন হওয়া বাকি। আগামী ১৫ দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

চীনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ সেতু নির্মিত হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

এ সময় আলতাফ হোসেন চৌধুরী এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।