বাসস
  ১৯ মে ২০২৬, ১৯:৩৭

ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের দাপ্তরিক কার্যক্রম শুরু, ৪ জেলার কলেজকে সংযুক্তির নির্দেশ

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে নবউদ্বোধনকৃত ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

এখন থেকে ঢাকা বিভাগের চার জেলার অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক দাপ্তরিক কার্যক্রম গাজীপুর মূল ক্যাম্পাসের পরিবর্তে এই আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা সদরের মধ্য বাড়েরা এলাকায় এই আঞ্চলিক কেন্দ্রের দাপ্তরিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সেবা প্রত্যাশী শিক্ষক ও শিক্ষার্থীদের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা এই চার জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কলেজসমূহকে এখন থেকে গাজীপুর মূল ক্যাম্পাসের পরিবর্তে ময়মনসিংহের আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে সার্বিক দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

অফিস আদেশ জারির থেকেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জেলাগুলোর কলেজ বা প্রতিষ্ঠানসমূহের দাপ্তরিক কার্যক্রম ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের সাথে পরিচালনা করতে গিয়ে যদি সুনির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়, তবে পত্র ইস্যুর তারিখ হতে ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাক্ষরিত লিখিত আবেদন পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর বরাবর পাঠাতে বলা হয়েছে।