বাসস
  ১৯ মে ২০২৬, ১৭:৫৯

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ১২তম ট্রাস্টি বোর্ড গঠন

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন, ১৯৯০ (২০০২ এ সংশোধিত) এর ধারা-৬ এর বিধান অনুযায়ী এই ট্রাস্টের ‘১২তম ট্রাস্টি বোর্ড’ গঠন করেছে সরকার।

২১ সদস্যবিশিষ্ট এই নতুন ট্রাস্টি বোর্ড আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত ১২তম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালককে কমিটির ভাইস-চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়ার শেরপুরের শালফা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী।

পদাধিকারবলে বোর্ডের সদস্যরা হলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) বা তদূর্ধ্ব পর্যায়ের একজন কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এবং অর্থ বিভাগের একজন উপসচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা।

পরিষদে শিক্ষক ও কর্মচারী প্রতিনিধিদের মধ্য থেকে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- ঢাকার মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু সাঈদ, সিলেটের নুরজাহান মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক এ. কে. এম আব্দুল আওয়াল, কিশোরগঞ্জ সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক এ. কে ফজলুল হক, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন, ঢাকার শাহ আলীর মসজিদুল আকবার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. দেলোয়ার হোসেন মুন্সি, টাঙ্গাইলের বাংলাবাজার চামাদিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আব্দুল আলীম আকন্দ এবং ভোলার দক্ষিণ মাদ্রাজ-এর হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম।

এছাড়া কারিগরি ও কর্মচারী প্রতিনিধি হিসেবে কুমিল্লার গৌরীপুরের আকবার আলী খান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের ইনস্ট্রাক্টর মো. হারুনুর রশিদ, ঢাকার সায়েদাবাদের রেজাউল করিম চৌধুরি কলেজের প্রধান সহকারী মো. কামরুজ্জামান মিজান, ঢাকার সূত্রাপুরের ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের হিসাব রক্ষক এ. এম গোলাম ছরোয়ার এবং ঢাকার গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল এন্ড কলেজের অফিস সহায়ক মো. মতিউর রহমান-কে সদস্য করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী বাসস-কে বলেন, দ্রুততম সময়ের মধ্যে কমিটির সচিবকে আর্থিক ক্ষমতা দেওয়া হবে। এরপর থেকে নবগঠিত এই পরিচালনা পর্ষদ বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ তহবিল ব্যবস্থাপনা ও বিবিধ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।