বাসস
  ১৮ মে ২০২৬, ১৯:৪৫

আহত ডা. নাসিরকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার ডা. নাসির উদ্দিনের খোঁজ নিতে ঢামেক হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: বাসস

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস) : শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার ডা. নাসির উদ্দিনের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

আজ সোমবার ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. নাসিরের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও যত্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। 

প্রসঙ্গত, গত ১৫ মে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে হার্ট অ্যাটাকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত ডা. নাসির উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।