শিরোনাম

ঢাকা, ১৬ মে, ২০২৬ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের লোকসংস্কৃতি, শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট গীতিকার ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন ফকির স্মরণে আয়োজিত আলোচনা সভায় আজ শনিবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, লোকমান হোসেন ফকির শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন দেশের লোকসংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তার গান ও সৃষ্টিকর্ম আজও মানুষের হৃদয়ে স্থান করে আছে।
তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালে 'চরিত্রহীন' চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য ফকির সাহেব রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন এবং তার পরিবেশিত লোকগান আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়।
মন্ত্রী আরও বলেন, 'মানুষ একদিন পৃথিবী থেকে চলে যায়, কিন্তু যারা দেশ ও সংস্কৃতির জন্য কাজ করে, তারা মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকেন।'
ফকির মাহবুব আনাম আরও বলেন, দেশের গ্রামগঞ্জে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ও লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম বিস্তারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।