শিরোনাম

লালমনিরহাট, ১৬ মে, ২০২৬ (বাসস): জেলা সদরে আজ তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ শনিবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীর ৪ নম্বর স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪) লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষে দুই ভাই- সিফাত ও স্বচ্ছ পাশের তিস্তা নদীর ৪ নম্বর স্পার বাঁধ এলাকায় গোসল করতে যায়। এ সময় প্রথমে ছোট ভাই স্বচ্ছ নদীতে নামলে প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় ভাই সিফাত দ্রুত নদীতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোতের তীব্রতায় তারা উভয়েই নদীর পানিতে ডুবে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন, জেলে ও স্বজনরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় একঘণ্টা পর নদী থেকে সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সিফাত ও স্বচ্ছকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার রাজপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ডাবলু অধিকারী বলেন পানিতে ডুবে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।