বাসস
  ১৬ মে ২০২৬, ১৬:০০

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের এক মহান নেতা : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ফাইল ছবি

চট্টগ্রাম, ১৬ মে, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইতিহাস সৃষ্টির জন্য জন্ম নেওয়া এক মহান নেতা।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি তাঁর মমত্ববোধ, সততা ও দেশপ্রেম চিরকাল প্রতিটি নাগরিকের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

শুক্রবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, বরং যুদ্ধবিধ্বস্ত এক জাতিকে পুর্নগঠন করে আধুনিক বাংলাদেশের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আরও বলেন, তাঁর জীবন ও আদর্শ ছিল সম্পূর্ণভাবে দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গীকৃত।

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ, মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি আমাদের শিখিয়েছেনÑ ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে তাঁর যে আত্মিক টান ছিল, তা পৃথিবীর ইতিহাসে বিরল।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আরও বলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, দেশকে স্বনির্ভর করে ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর কালজয়ী দর্শন উপহার দিয়ে আমাদের আত্মপরিচয় সুপ্রতিষ্ঠিত করেছিলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে এবং অসমাপ্ত স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভূতপূর্ব ও দুর্বার গতিতে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনÑ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।